মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকতে হলে যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আজকে যারা তরুণ, একদিন তাদের প্রকৃত মেধায় আলোকিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার যেমন সব ক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রেখেছে, তেমনি ক্রীড়াঙ্গনেও তার নজির রয়েছে। কুমিল্লার তিতাসে শনিবার বিকাল ৪টায় বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম বেলায়ত হোসেন সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এ কথা বলেন।
এদিকে উক্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। অপসংস্কৃতির চর্চা করে কেউ পার পাবে না। তিনি আরো বলেন, ‘শুনেছি, তিতাস নাকি একসময় সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। আমি এসব সন্ত্রাসীকে বলে দিতে চাই; আওয়ামী লীগ সরকার কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত করে না। সে হউক দলের কোনো কর্মী বা নেতা।
কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সদস্য ও তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. নূর নবী, সাতানী ইউপির চেয়ারম্যান সামছুল হক সরকার, জগত্পুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম প্রমুখ।