বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বড়লেখা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রূপ (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তর ডিমাই এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রূপ বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বোবারতল বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ১৩৮২ নম্বর মেইন পিলারের সাব পিলার ১ এস এলাকায় কাটাতারের বেড়া অতিক্রম করে শুক্রবার রাতে ১০-১৫ জনের বাংলাদেশি গরু ও মহিষ পাচারকারী একটি দল ভারতে অনুপ্রবেশ করে। এসময় দায়িত্বরত বিএসএফের সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুলিতে আহত অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই মারা যান আব্দুর রূপ। বিএসএফ তার লাশ উদ্ধার করে ভারতে নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সিরাজ উদ্দিন বলেন, ‘সে আমার ইউনিয়নের বাসিন্দা। গতকাল সকালে তার পরিবারের লোকজন এসে জানান, সে ভারতে গিয়েছিল। কিন্তু আর ফেরেনি। পরে বিভিন্ন সূত্রে জানা গেছে সে গুলিতে মারা গেছে। খোঁজখবর নিয়ে জানতে পারি সেখানে তার সুরতহাল হয়েছে। লাশ করিমগঞ্জ জেলার পাতাইরকান্দি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়জুর রহমান পিএসসি বলেন, ‘বড়লেখা সীমান্তের কাঁটাতারের বেড়ার ২০০ গজ ভারতের ভেতরে একজন মারা গেছেন এমন খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’