প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। গতকাল শনিবার বাদ আসর আইভি কনকর্ডে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকগণসহ কর্মকর্তা-কর্মচারী ও আত্মীয়-স্বজন অংশ নেন। প্রধানমন্ত্রী আইভি রহমানের ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান পাপনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
এছাড়া আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক আহমাদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক), তথ্যসচিব আব্দুল মালেক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন মিলাদে যোগ দেন। অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত তার পত্নী আইভি রহমানসহ সবার রুহের মাগফেরাত কামনা করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমান স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয়ে ২৪ আগস্ট মারা যান।