রাজনীতিতে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা অবশ্যই বন্ধ করতে হবে —-------------------তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিচ্ছন্ন ও সুন্দর করতে অবশ্যই রাজনীতিতে জঙ্গি ও খুনিদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে নগরীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মিলনায়তনে গতকাল শনিবার আলোচনা সভায় তিনি আরো বলেন, রাজনীতিকে কলুষিত করার জন্য দায়ী ‘রাজনীতিকদের জঙ্গি লালন ও খুনিদের আশ্রয় দান।’ বাংলাদেশ চলচ্চিত্র লীগ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি (বিএফডিএ) এবং বাংলাদেশ নির্মাণ ও পরিবেশক সমিতি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ড. হাছান বিএনপিকে খুনিদের রাজনৈতিক মঞ্চ উল্লেখ করে বলেন, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এ ধরনের রাজনীতি সম্ভব নয়।

বাংলাদেশ চলচ্চিত্র লীগের সভাপতি মিয়া আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, বিএফডিএ সভাপতি মুসফিকুর রহমান গুলজার, অভিনেতা আলমগীর ও ফেরদৌস, অভিনেত্রী মৌসুমি ও অঞ্জনা বিশ্বাস অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।