সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক মন্ত্রণালয় ও কমিশন গঠন করুন ------------------- জিএম কাদের

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য পৃথক একটি মন্ত্রণালয় ও কমিশন গঠন করা যেতে পারে। জন্মাষ্টমী উপলক্ষ্যে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘শ্রীকৃষ্ণ সেবা সংঘ’ আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

জিএম কাদের বলেন, সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় বা কমিশন থাকা দরকার, যেন তারা তাদের প্রাপ্য অধিকার পেতে পারে। সরকারের উচিত কমিশন গঠন করা। তিনি বলেন, স্বাধীনতার এতবছর পরে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের প্রশ্ন উঠছে, এটা বড়োই লজ্জার। যদিও আমি সংখ্যালঘু শব্দটা থাকার পক্ষে নই। আমরা সবাই বাংলাদেশি, এটা আমাদের সবার পরিচয়।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৬ আসনের জাপা দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমাদের মাথা না ঘামানোই ভালো। আমাদের মাথা ঘামাতে হবে রোহিঙ্গা ইস্যু নিয়ে।

সংগঠনের সভাপতি নকুল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- কদমতলী থানা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। সভা পরিচালনা করেন শ্রীকৃষ্ণ সেবা সংঘের সদস্য সচিব ও জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে।

রংপুর-৩ আসনের জন্য পার্লামেন্টারি বোর্ড গঠন: জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে তার নির্বাচনী আসন রংপুর-৩ শূন্য হওয়ায় সেখানে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে আহ্বায়ক ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে গতকাল এই বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন— জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও  লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। আজ রবিবার থেকে জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে রংপুর-৩ শূন্য আসনের জন্য ফরম বিতরণ করা হবে।

সিরাজুল ইসলাম পাটোয়ারী জাপার ভাইস চেয়ারম্যান: জাপা চেয়ারম্যান জিএম কাদের গতকাল এক সাংগঠনিক আদেশে বিগত দিনে পার্টির সাংগঠনিক কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে মো. সিরাজুল ইসলাম পাটোয়ারীকে পদোন্নতি দিয়ে জাপার ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।