লক্ষ্য অর্জনে সরকারি বেসরকারি সম্মিলিত উদ্যোগের আহ্বান ----------------------পররাষ্ট্রমন্ত্রী

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দেশের জনগোষ্ঠীর কর্মদক্ষতা বাড়ানো এবং সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামী জীবন, তার দূরদর্শিতা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির উল্লেখ করেন।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ ছাড়াও অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু জাতির পিতা, তাই শুধু আওয়ামী লীগই নয় বরং দেশের সব রাজনৈতিক দলই তাদের কার্যক্রমে যথাযথ সম্মানের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ব্যবহার করা উচিত।

এফবিসিসিআই সভাপতি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের নৃশংসতম হত্যাযজ্ঞ না ঘটলে বাংলাদেশ আরো অনেক আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারত।

এ সময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ কাশেম, মাহবুবুর রহমান, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মীর নাসির হোসেন এবং এ কে আজাদ বক্তব্য রাখেন।