এ সরকারের পতন সময়ের ব্যাপারমাত্র ---------অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ড. কর্নেল (অব) অলি আহমদ বলেছেন, নেতিবাচক কর্মকাণ্ডের জন্যই এ সরকারের পতন হবে। সেটা সময়ের ব্যাপারমাত্র। গতকাল শনিবার রাজধানীতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় অলি আহমদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না।

এলডিপি সভাপতি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের সময়ে জনগণ বিভিন্নভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। তিনি বলেন—আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, দলীয়করণমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। দোষারোপ বাদ দিয়ে সবাইকে সত্য উপলব্ধি করতে হবে।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় দলের  প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, ভাইস চেয়ারম্যান হামিদুর রহমান, ড. নিয়ামুল বশির, যুগ্ম মহাসচিব তমিজুদ্দিন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী ও তথ্য গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।