বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন

স্টাফ রিপোর্টার, বগুড়া:সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। কবি সম্মেলনে এ বছর ৪০ জেলা থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেছেন। সংস্কৃতি জনগণের সম্পদ — স্লোগানে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক ইমরান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী ।

বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কথাশিল্পী শিরীণ আখতার, কবি মাকিদ হায়দার, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার। বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির। উদ্বোধক ফিতা কেটে দুই দিনব্যাপি কবি সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন। এর আগে একটি বর্ণাঢ়্য র্যালী বগুড়া শহর প্রদক্ষিণ শেষে উডবার্ণ মিলনায়তনে এসে শেষ হয়। বিকেলে ‘স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতার স্বর’ শীর্ষক আলোচনা সভায় গল্পকার রাজা সহিদুল আসলামের উপস্থাপনায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেন মনি হায়দার, কবীর রানা, কাজী রাফি এবং হোসনে আরা মনি।