গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের দুইদিন পর চতুর্থ শ্রেণির স্কুলছাত্র স্যামুয়েল সরকারের (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত স্যামুয়েল সরকার উপজেলার কলিগ্রামের দানিয়াল সরকারের ছেলে এবং কার্লভেড়ী এ্যাপস্টনিক মিশনারিজ স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র।
শিশুটির পরিবার ও পুলিশ জানায়, স্যামুয়েলকে গত শুক্রবার সকাল ৯টার সময় একই এলাকার প্রভাষ মজুমদারের ছেলে রিংকু মজুমদার (৩০) পাখি মারার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্যামুয়েল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রবিবার সকালে এলাকাবাসী কৃষ্ণনগর দাউদ রত্নার পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করে।
আরও পড়ুন: পুকুরে দুর্বৃত্তের বিষ, মারা গেলো লাখ টাকার মাছ
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসী রিংকুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল পাশা জানান, অভিযুক্ত রিংকুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।
ইত্তেফাক/অনি