বাইকারদের জন্য বিশেষ হেডফোন

চলতি পথে অথবা কাজের ব্যস্ততায় টানা ভাইব্রেশন কিংবা রিংটোন বেজে উঠলেও অনেক ক্ষেত্রেই ফোন রিসিভ করা হয়ে ওঠে না। আবার ফুরসত সময়ে কল ব্যাক করার কথাও ভ্রম হয়। তেমনি কাজের ব্যস্ততায় যখন শরীর-মন অবসন্ন হয় আয়েস করে গান শোনা কিংবা অপেক্ষমাণ সময়ে স্মার্টফোনেই সোশ্যাল মিডিয়ার বন্ধুর শেয়ার করা ভিডিও, ইউটিউব কিংবা পছন্দের মুভি দেখা এখন আমাদের নৈমিত্তিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।

সঙ্গত কারণেই স্মার্টফোন কিংবা পিসির সঙ্গে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে তারের জঞ্জালে দিন দিন আগ্রহ হারাচ্ছেন ব্যবহারকারীরা। একইভাবে মাথায় উঠে বসা কিংবা কানে দুলের মতো ঝুলে থাকা নিয়েও অনেকের মধ্যেই দেখা যায় অস্বস্তি। ব্যবহারকারীদের এমন অভিমতকে আমলে নিয়েই বাজারে রয়েছে উদ্ভাবনী প্রযুক্তির একটি এয়ারফোন। হেডফোন ও ইয়ার বাডের সমন্বিত নকশার এই যন্ত্রটির নাম নেকব্যান্ড হেডফোন। অভিজাত নকশায় বনেদি এই নেকব্যান্ডটি নামের চেয়ে বেশি পরিচিতি পেয়েছে এর কার্যকারিতায়। বনেদি ব্র্যান্ড জাবরার এই নেকব্যান্ডের মডেল নম্বর এলিট ২৫ই।

এলিট ২৫ই-এর সবচেয়ে বড়ো সুবিধা এর ১৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ সুবিধা। আবার ঘণ্টাখানেকের মধ্যেই এটি পুরোপুরি চার্জ নেয়।

বাংলাদেশের বাজারে টেক রিপাবলিক লিমিটেড পরিবেশিত এই নেকব্যান্ডটি ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত করা যায় ৮টি ডিভাইস এবং মালটি ইউজের মাধ্যমে একই সময়ে দুইটি ডিভাইসে ব্যবহার করা যায়। শব্দ ও পানি প্রতিরোধী হওয়ায় বৃষ্টিবাদল কিংবা রাস্তার ভেঁপু অথবা যে কোনো সোরগোল পরিস্থিতিতেও কথা চালিয়ে নেওয়া যায় সাবলীল ভাবে। সিরি ও গুগল নাও এর জন্য সুনির্দিষ্ট বাটন থাকায় সংযুক্ত স্মার্টফোন বা ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকলেই কেবল প্রশ্ন করেই জেনে নেওয়া যায় প্রয়োজনীয় তথ্য। 

বাধাহীন কথা বলায় প্রশান্তি দেয় জাবরা এলিট ২৫ই। বিশেষ করে বাইকারদের জন্য একটি অনন্য হতে পারে নেকব্যান্ডটি। এর দাম ৪ হাজার ৯০০ টাকা।