ওয়েস্ট ইন্ডিজের আট জন ব্যাটসম্যান দুই অংকে পৌঁছেছেন। কিন্তু ফিফটি করতে পারেননি একজনও; চল্লিশ পার করতে পেরেছেন মাত্র একজন। এই অবস্থায় শুরুটাকে কাজে লাগাতে না পারায় ব্যাটসম্যানদের নিয়ে অধিনায়কের হতাশ হওয়াটাই স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার সেই হতাশাটাই প্রকাশ করেছেন। তার টপ অর্ডার ব্যাটসম্যানরা কেউ বড়ো স্কোর করতে না পারায় হতাশ হয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়ে সফরকারী ভারতকে ৭৫ রানের লিগ দিয়ে ফেলেছে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৮৫ রান তুলে ফেলেছে ভারত। ফলে এরই মধ্যে ম্যাচে বড় ধরনের লিড পেয়ে গেছে বিরাট কোহলির দল।
নিজের দলের ব্যাটসম্যানরা শুরু পেলেও বড়ো স্কোর করতে না পারায় দল পিছিয়ে পড়েছে, এটা স্বীকার করে হোল্ডার বলছিলেন,‘খুবই হতাশাজনক। এটা আমাদের ব্যাটসম্যানদের জন্য এখন একটা কমন ব্যাপার হয়ে গেছে। আমরা টপ অর্ডার থেকে একদমই সহায়তা পাচ্ছি না। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার বরং ব্যতিক্রমীভাবে দায়িত্ব পালন করেছে।’ হোল্ডার নিজে অবশ্য ব্যাট হাতে মোটামুটি একটা ইনিংস খেলেছেন। কিন্তু তিনি প্রশংসা করছিলেন কেমার রোচের কারণে। তার মতে এই টেস্টে এখন পর্যন্ত সেরা বোলার রোচের কারণেই তারা যা একটু লড়াইয়ে আছেন। রোচ প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে চেতশ্বর পূজারার উইকেট তুলে নিয়েছেন তিনি। রোচের প্রশংসা করতে গিয়ে হোল্ডার বলছিলেন, ‘হ্যাঁ, ইশান্ত পাঁচ উইকেট নিয়েছে। কিন্তু প্রথম ইনিংসে কেমার সম্ভবত সেরা বোলার ছিল। আমি ইশান্তের পারফরম্যান্সের অবমূল্যায়ন করছি না। আমি মনে করি, সেও দারুণ বল করেছে। কিন্তু আমি মনে করি, কেমার সবার চেয়ে এগিয়ে আছে। কেমার অসাধারণ বল করেছে। সে, শ্যানন (গ্যাব্রিয়েল) ও আমি; আমরা গত কয়েক বছর ধরে অনেক পরিশ্রম করেছি। ফলে আমি তার (রোচের) পারফরম্যান্সে বিস্মিত হইনি। সে একই সঙ্গে এই মাঠটা পছন্দ করে। তার এই অ্যান্টিগাতে আগেও ভালো সাফল্য আছে।’
সবমিলিয়ে এই সতীর্থদের ওপর ভরসা রাখতে চান হোল্ডার। যদিও ভারতের লিড এর মধ্যে ২৬০ স্পর্শ করে ফেলেছে। এখনো তাদের হাতে ৭টি উইকেট আছে। কিন্তু হোল্ডার নিজেদের সুযোগ নিয়ে এখনো আশাবাদী। তিনি বলছিলেন, ‘আমরা একটা চান্স মিস করেছি। আর সেই সঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। দুর্ভাগ্যজনকভাবে একটা সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি। আসলে খেলাটাই এরকম।