লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের বড়ো জয়

ছোটোদের সাফে বাংলাদেশের খুদে ফুটবলাররা গোল উত্সব করেছে। গতকাল ভারতের কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় খেলায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল সাত-এক গোলে শ্রীলঙ্কাকে হারায়। পর পর দুই জয় তুলে নিল বাংলা কিশোর ফুটবলাররা। সাফে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পাঁচ-দুই গোলে ভুটানকে হারিয়ে সূচনা করেছিল।

গতকাল দুপুরে কল্যাণী স্টেডিয়ামে বাংলার কিশোর ফুটবলারদের দাপট দেখেছে সেখানকার দর্শক। একে একে সাত গোলের উত্সব দেখেছে। দারুণ খেলেছে আল আমিন রহমান।  ৩২, ৪৪, ৫৯, ৬৬ এবং ৭১ মিনিটে গোল করেন আল আমিন রহমান। আল মিরাদ, অধিনায়ক রাকিবুল ইসলাম একটি করে গোল করেন। শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়া এত গোলের এই ম্যাচে লঙ্কানদের মিহরান একটি গোল করেছেন। এটাই তাদের জন্য সান্ত্বনা। বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামীকাল, নেপালের বিপক্ষে। পয়েন্ট টেবিলে বাংলাদেশের সঙ্গে শীর্ষস্থান ধরে রেখেছে স্বাগতিক ভারত। তারাও দুই খেলায় দুই জয়ে ছয় পয়েন্ট পেয়েছে। গোল গড়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ দুই খেলায় দুই জয়ে ছয় পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ভুটান একমাত্র দল এখনো পয়েন্টের মুখ দেখেনি। নেপালে পয়েন্ট তিন। এই পাঁচ দেশ সাফের এই ষষ্ঠ আসরে লড়াই করছে। সেরা দুই দল ফাইনালে খেলবে। বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। তারা চায় এবারো ট্রফি তুলে আনবে। বাংলাদেশের  প্রতিপক্ষ ভারত।