আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার টিকিট পেলেন মহাজোটের ১৪ দলের শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি ও পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠি রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম মহাজোটের মনোনীত ১৪ দল ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ’র হাতে নৌকা প্রতীকের এই চূড়ান্ত চিঠি তুলে দেন।
মনোনয়ন চিঠি পেয়ে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সবার দোয়া, ভালোবাসা ও শুভ কামনায় আমার এলাকার প্রিয় নেতা-কর্মী ভাইবোনদের পরিশ্রমের ফসল এই মনোনয়ন। আমি সবার কাছে কৃতজ্ঞ।’ এ সময় ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী, গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌকা প্রতীককে জয়যুক্ত করারও আহ্বান জানান তিনি।