মোহামেডানকে ছাড়াই শেখ কামাল ক্লাব কাপ

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। বাফুফের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আগামী ১৯ হতে ৩০ অক্টোবর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব, মোহানবাগান অ্যাথলেটিক ক্লাব, সঙ্গে ঢাকার ক্লাব আবাহনী এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী খেলবে। তবে এ টুর্নামেন্ট হতে ঢাকার মোহামেডানকে বাদ দেওয়া হয়েছে। মোহামেডানকে ছাড়াই শেখ কামাল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। চট্টগ্রাম আবাহনীর মহাসচিব এবং জাতীয় সংসদের হুইপ সামসুল চৌধুরী এমপি গতকাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন মোহামেডানকে নেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা চাইলেও মোহামেডানকে নিতে পারছি না। নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা এতো দলকে টপকে নিচে থাকা মোহামেডানকে নেওয়া সম্ভব না। শেখ রাসেল ছিল উপরে। কিন্তু আমাদের কাঠামোতে মোহামেডান পড়ছে না বলে নিতে পারছি না।’

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলের তৃতীয় আসরে কলকাতার তিন ক্লাব খেলবে এমন কথা আয়োজকদের সূত্র জানিয়েছিল। কিন্তু গতকাল এই টুর্নামেন্ট নিয়ে বাফুফের সঙ্গে বৈঠক শেষে চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা জানালেন মালয়েশিয়া এবং থাইল্যান্ড হতে আরো দুটি দল আনার ব্যাপারে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সাহেব চেষ্টা করবেন। সেখান হতে দুটি দল আসতে পারে। তাদের হিসাব হচ্ছে আবাহনী, চট্টগ্রাম আবাহনী, বসুন্ধরা কিংস, কলকাতার তিন ক্লাব এবং মালয়েশিয়া ও থাইল্যান্ড হতে যদি দুটি দল পাওয়া যায় তাহলে নেওয়া হবে। সেই ক্ষেত্রে কলকাতার একটি ক্লাবকে বাদ দেওয়া হতে পারে। সেটি হতে পারে মোহামেডান। যদি এমনই হয় তাহলে ঢাকার মোহামেডানের পর কলকাতার মোহামেডানও বাদ পড়বে শেখ কামাল টুর্নামেন্ট হতে।

এই টুর্নামেন্ট অক্টোবরে আয়োজনের কারণ হচ্ছে কলকাতার ক্লাবগুলোকে প্রাধান্য দেওয়া। অক্টোবরে টুর্নামেন্ট না হলে কলকাতার ক্লাবগুলোকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন আয়োজক কর্মকর্তারা।