ভারত থেকে বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের প্রস্তাব এফবিসিসিআই’র

বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী দেশের দক্ষ জনশক্তির প্রয়োজন মেটাতে ‘এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ এবং ‘টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এ প্রতিষ্ঠান দুটি পরিচালনায় ভারত থেকে বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। গতকাল ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের সাথে এক আলোচনায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি এ প্রস্তাব দেন। এফবিসিসিআইর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় হাইকমিশনে এই আলোচনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং শিক্ষা ও কারিগরি সহায়তা ইত্যাদি বিভিন্ন দিক স্থান পায়।

এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসা পরিবেশ উন্নত করতে বর্তমান সরকার বিভিন্ন বাণিজ্য নীতির সংস্কার এবং ব্যবসা পরিচালনা সহজীকরণে কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করপোরেট কর হার যৌক্তিকীকরণ এবং রেগুলেটরি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এফবিসিসিআই বিশেষ গুরুত্ব দিচ্ছে। এফবিসিসিআই সভাপতির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে হাইকমিশনার জানান, ভারতে বিপুল সংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত কারিগরি প্রশিক্ষক রয়েছে যারা এফবিসিসিআইয়ের শিক্ষা-প্রশিক্ষণ প্রতিষ্ঠান দুটিতে কাজ করতে আসতে পারেন। তবে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির বিষয়ে যথাযথ ব্র্যন্ডিং হলে ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীরা এ বিষয়ে অবগত হবেন। এ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করতে এলে বাংলাদেশ তা থেকে উপকৃত হবে।

বাংলাদেশ এবং ভারতের স্থলবন্দরগুলো দিয়ে যাতে দুদেশে রপ্তানিযোগ্য সকল পণ্য আসা-যাওয়া করতে পারে সে বিষয়টিতে বিশেষ নজর দেয়া প্রয়োজন। অন্য এক প্রসঙ্গে হাইকমিশনার জানান, ভারতে নব্য উদ্যোক্তাদের জন্য সম্প্রতি ‘পরিবার-ভিত্তিক ব্যবসা উদ্যোগ’ বেশ সাফল্য পেয়েছে, যা বাংলাদেশ গ্রহণ করতে পারে। এ উদ্যোগটি বাংলাদেশে জনপ্রিয় করতে হাইকমিশন সহায়তা করতে আগ্রহী বলে তিনি জানান। এফবিসিসিআই সহ-সভাপতি হাসিনা নেওয়াজ ও মো. রেজাউল করিম রেজনু এবং এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা আলোচনায় অংশ নেন।