বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এসবিএফ) নির্বাহী পরিচালক মি. সু উই-চিয়েহ গতকাল এফবিসিসিআই নেতৃবৃন্দের সাথে এক আলোচনা অনুষ্ঠানে এ আগ্রহ দেখান। এসবিএফ-এর ১১ সদস্যবিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল, যারা এনভায়রনমেন্টাল সল্যুশন, আর্থিক সেবা খাত এবং কনজ্যুমার গুডস খাতে প্রতিনিধিত্ব করছে, তারা বর্তমানে তিন দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। এ সফরে তারা বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। এফবিসিসিআই এবং এসবিএফ-এর যৌথ উদ্যোগে রাজধানীর এক হোটেলে ‘সিঙ্গাপুর-বাংলাদেশ বিজনেস নেটওয়ার্কিং’ অনুষ্ঠানে এসব আলোচনা হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে এফবিসিসিআইয়ের করপোরেট সদস্য হবার আহ্বান জানান। সাম্প্রতিক বছরগুলোতে চীন, জাপান, নেদারল্যান্ডস এবং সিঙ্গাপুর থেকেই বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে। অনুষ্ঠানে সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি খাত, পরিবেশ, আর্থিক সেবা খাতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বাণিজ্য খাতের প্রতিনিধিবৃন্দ অংশ নেয়। উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ১৪৯.৩৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য সিঙ্গাপুরে রপ্তানি করে এবং সিঙ্গাপুর থেকে ২২৮৬ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। সিঙ্গাপুরে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে নীটওয়্যার, ওভেন গার্মেন্টস, কৃষিপণ্য, প্রকৌশল পণ্য এবং হোম টেক্সটাইল। আর সিঙ্গাপুর থেকে মূলত খনিজ পণ্য, মেশিনারি সামগ্রী এবং কেমিক্যাল পণ্য আমদানি করা হয়।