তখন রাত তিনটা ছুঁই ছুঁই। রবিবার (২৫ আগস্ট) শেষ রাতে হঠাত্ বিকট শব্দে ধসে পড়ল সৈয়দপুর বিমানবন্দরের দেওয়াল। সৈয়দপুর বিমানবন্দরের পশ্চিম পাশের (বিমানবন্দর পশ্চিমপাড়া) দেওয়ালটি প্রায় ৫০ ফুটের মতো ধসে পড়েছে। ফলে অরক্ষিত হয়ে পড়েছে বিমানবন্দরটি।
সুরক্ষার জন্য কয়েক বছর আগে এই সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। কাজের মান ভালো না হওয়া ও মেরামত-সংস্কার না করায় দেওয়ালটি ভেঙে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এতে বিমানবন্দর অরক্ষিত হয়ে পড়েছে। এলাকার লোকজন অনায়াসে বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করে যাতায়াত করছেন। বিমান ওঠানামার সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত সীমানা প্রাচীরটি ধসে পড়ার কথা স্বীকার করে বলেন, দ্রুত এটি মেরামত করে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হবে। আপাতত কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে। কি কারণে দেওয়ালটি ধসে পড়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।