চট্টগ্রামে অস্ত্রসহ ১১ চোর গ্রেফতার

নগরীর লালদীঘি পাড় এলাকায় একটি আবাসিক হোটেল থেকে ১১ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি, একটি লোহার কার্টার, একটি লোহার রড ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়। গত শনিবার গভীর রাতে হোটেল তুনাজ্জিন থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, কয়েক মাস আগে কোতোয়ালি থানা এলাকায় পাঁচটি চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে। সম্প্রতি একটি চুরির ঘটনায় মালিঙ্গা নামে এক চোরকে গ্রেফতারের পর আন্তঃজেলা চোর চক্রের ব্যাপারে তথ্য পায় পুলিশ। তার তথ্যে ভিত্তিতে এসব চোরদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, তারা গত ১২ বছর ধরে ঢাকার গুলশান, মহাখালী, বাড্ডা, যাত্রাবাড়ী, ব্রাহ্মণবাড়ীয়া সদর, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ ও চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় চুরি করে আসছিল। তারা যেখানে চুরি করতে যায় সে এলাকার আবাসিক হোটেলে অবস্থান নেয়। তারা শো-রুম, কাপড়ের দোকান, মুদির দোকান, বিকাশের দোকানসহ যেসব দোকানে নগদে লেনদেন হয় ঐ সব প্রতিষ্ঠানকে টার্গেট করে বলে জানান পুলিশ কর্মকর্তা মেহেদী।