চৌগাছা হাসপাতালের এক্স-রে মেশিন নষ্ট

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির একমাত্র এক্সরে মেশিন দুই মাস ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। আর এই সুযোগে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে শহরের প্রাইভেট ক্লিনিকগুলো। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

উপজেলার আড়ারদহ গ্রামের ইব্রাহিম হোসেন জানান, আমার মা হাসিনা বেগম হঠাত্ বাড়িতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানকার চিকিত্সক আমার মায়ের পায়ের এক্সরে করার পরামর্শ দেন। মাকে নিয়ে এক্সরে বিভাগে গিয়ে জানতে পারলাম এ বিভাগটি বন্ধ রয়েছে। আমি একটি প্রাইভেট ক্লিনিক থেকে দ্বিগুণ টাকা দিয়ে এক্সরে করাই। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নাহিদ সিরাজ বলেন, প্রায় দুই মাস যাবত্ এক্সরে মেশিনটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা বলেন, এক্সরে মেশিনটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যশোর সিভিল সার্জনের মাধ্যমে লিখিত আবেদন করা হয়েছে।  আশা করছি অল্প সময়ের  মধ্যে এ সমস্যার সমাধান হবে।