পদ্মায় বিপুল পরিমাণ সিমেন্টসহ জাহাজডুবি

পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ধল্লাপাড়া এলাকায় ১৬০ টন সিমেন্ট বোঝাই একটি কার্গো (ছোটো) জাহাজডুবির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এ সময় জাহাজে থাকা চার জন তীরে উঠতে সক্ষম হন।

জানা যায়, নারায়ণগঞ্জ থেকে আল্লাহরদান নামের ছোটো জাহাজটি ১৬০ টন সিমেন্ট নিয়ে রাজবাড়ীর দিকে আসছিল। পদ্মা নদীর দৌলতদিয়ার ধল্লাপাড়া এলাকায় আসলে তীব্র স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে। এ সময় চালক জাহাজের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলে এটি ডুবে যায়। জাহাজে থাকা মো. সিরাজ মিয়া, মো. আ. জলিল, মো. ইব্রাহিম মিয়া ও মো. সিরাজুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় পাড়ে উঠে আসে। খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. লাবু মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছেন। সিমেন্ট বোঝাই জাহাজটির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানান।