মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দরের একটি বাসা থেকে সামিরা (১১) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় উপজেলার সুবিদখালী বাজার এলাকায়। সামিরার বাবার নাম মো. আলম এবং মায়ের নাম মোসা. নিরু আক্তার।
সামিরার বাবা মো. আলম জানান, বিকালে টিভিতে কার্টুন ছবি দেখা নিয়ে সামিরা ও তার ছোটো ভাই আব্দুল্লাহ (৬) এর মধ্যে ঝগড়া হয়। এতে তার মা নিরু আক্তার ও বাবা আলম দুই জনেই সামিরাকে বকা দেন। এতে সামিরা অভিমান করে বসতঘরের দোতলায় উঠে আড় কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, কার্টুন ছবি দেখা নিয়ে দুই ভাই-বোনের সঙ্গে ঝগড়া হয়। এতে তার মা-বাবা বকা দিলে শিশুটি অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।