ভাণ্ডারিয়ায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিত্যক্ত দোকানঘর থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যচড়াইল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফ মাস্টারের পরিত্যক্ত দোকানঘর থেকে শাঁখা-সিঁদুর পরা নারীর লাশটি উদ্ধার করা হয়।

ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুনার রশিদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে ঐ স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের কাছে একটি ব্যাগে কিছু চাল, ডাল, পিঁয়াজ ও দাঁত মাজার ওষুধ পাওয়া গেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বলেন, ধারণা করা হচ্ছে, ঐ নারী ছিন্নমূল পরিবারের ভিক্ষুক ছিলেন। ঘটনাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।