দর্শনা কেরু চিনিকলে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

দর্শনা কেরু চিনিকলের হিজলগাড়ি বাণিজ্যিক খামারে বিভিন্ন সময়ে ডিজেল তেল ও দৈনিক শ্রমিকের হাজিরা বেশি দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার রিপোর্ট প্রকাশ করেছে তদন্ত কমিটি। আগামী ৩০ দিবসের মধ্যে সমুদয় টাকা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিনিকল সূত্রে জানা গেছে, কেরুজ হিজলগাড়ি বাণিজ্যিক খামারে বিভিন্ন সময়ে ডিজেল তেল ও মাঠ শ্রমিকদের ব্যবহার করার দায়িত্ব থাকে খামারের ইনচার্জ, সুপারভাইজার ও করণিকদের। মিল কর্তৃপক্ষ গোপনে জানতে পারে ঐ খামারের বরাদ্দের চেয়ে ১৯ লাখ ৭৯ হাজার ৭৩৪ টাকা অতিরিক্ত খরচ দেখিয়ে আত্মাসাত্ করা হয়েছে। পরে গত ৪ জুলাই ডিজিএম (ঋণ) গিয়াস উদ্দিন আহমেদকে প্রধান করে ৩ সদস্যের একটি ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ সময় তদন্ত শেষে গত বৃহস্পতিবার খামারের ইনচার্জ ইউনুস আলী, সুপারভাইজার উতপল দত্ত, করণিক আ. কুদ্দুসসহ পাঁচজনকে অভিযুক্ত করে ৩০ দিবসের মধ্যে ২০ লাখ টাকা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিজিএম (খামার) হুমায়ুন কবির জানান, সরকারি অর্থ তছরুপ করে ছাড়া পাওয়ার সুযোগ নেই ।