রবিবার সন্ধ্যাটা বাংলাদেশ ও ভারতের শিল্পীরা গানে কবিতায় ভরিয়ে তুলেছিলেন। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী মহাদেব ঘোষ, ভারতের নজরুল সংগীত শিল্পী সোমরিতা মল্লিক ও বাংলাদেশের আবৃত্তিকার শাহাদাত হোসেন নিপু।
শিল্পী মহাদেব ঘোষ একে একে গেয়ে শোনান ‘ও আমার দেশের মাটি’, ‘তুমি আমাদের পিতা’, আছে দুঃখ আছে মৃত্যু’, ‘তুমি রবে নীরবে’ ও ‘সকাতরে ওই কাঁদিছে’। ভারতের শিল্পী সোমরিতা মল্লিক গেয়ে শোনান ‘আমি চিরতরে দূরে চলে যাব’, ‘যেদিন লব বিদায়’, ‘চুরির তালে নুড়ির মালা’, ‘রব না কৈলাশপুরে’ ও ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানগুলো। অনুষ্ঠানে সূচনা হয় শাহাদাত হোসেন নিপুর কবিতা পাঠের মধ্য দিয়ে।