বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
কালকিনি (মাদারীপুর) : কালকিনিতে বাসের ধাক্কায় নারীসহ ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ডাসার থানাধীন কর্ণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালকিনি পৌরসভার পশ্চিম মিনাজদির মোতালেব মাতুব্বর (৬০) ও কাজীবাকাই ইউনিয়নের মাইজপাড়ার রাজ্জাক মোল্লার স্ত্রী উম্মে হানি বেগম (৫২)।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় আক্কাস আলী (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আক্কাস আলী বড়াইগ্রাম মহল্লার।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : ৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় আহত দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোমা ঘোষ ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
সাতক্ষীরা : বহেরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছ ব্যবসায়ী ফিরোজ আলী শেখ (৪৬) ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার বহেরা ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফিরোজ আলী শেখ পাবনার সুজানগর গ্রামের।
পীরগাছা (রংপুর) : পীরগাছায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নাজমুল (৪০) নিহত হয়েছেন। গতকাল উপজেলার কান্দি ইউনিয়নের মুচির বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নাজমুল উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়শেন গ্রামের।
পিরোজপুর : নাজিরপুর উপজেলার আধাঝুরি এলাকায় গতকাল পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যাত্রীবাহী লোকাল বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তানভীর হাসান নিলু (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিলু নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা গ্রামের।