বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করছে। শুধু গণতন্ত্র নয়, তারা রাজনীতিকেও ধ্বংস করছে। ১/১১-তে যে ষড়যন্ত্র করা হয়েছিল বিরাজনীতিকরণের সেই ধারা এখনো চলছে। সব রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে তাদের একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। এই দেশে বিচারব্যবস্থা ও ন্যায়-নীতি বলতে কিছু নেই। দেশের গণতান্ত্রিক পরিবেশকে ভেঙে তছনছ করা হয়েছে। এটা অঘোষিত বাকশাল। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুস সালাম তালুকদারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।