৭৫ ও ২১ আগস্টের হত্যা একই সূত্রে গাঁথা :স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ২০০৪-এর একুশে আগস্ট গ্রেনেড হামলায় হত্যাকাণ্ডের ঘটনা একই সূত্রেগাঁথা। যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই এই হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ষড়যন্ত্র এখনো চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার হুকুমদাতা এখন বিদেশে পালিয়ে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। বিএনপি জামায়াত জোট এদেশকে শুধু  দুর্নীতি, বোমা হামলা আর সন্ত্রাস দিয়েছে। দেশে উন্নয়ন যা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হচ্ছে। শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার দিয়ারা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলোকে চালু করেছে। গ্রামীণ জনগণের দোরগোড়ায় বর্তমান সরকার স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষা ছাড়া জাতি এগোতে পারে না। শিক্ষা ছাড়া একজন ভালো মানুষ হওয়া যায় না। কাজেই  আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে। তারা যেন লেখাপড়া করে, তারা যেন মাদকের দিকে না যায়—এটা অভিভাবকদের লক্ষ রাখতে হবে।