সাভারে বিএসটিআইয়ের নাম ব্যবহার করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক নকল করে অনুমোদনহীন ডিটারজেন্ট ও কসমেটিক সামগ্রী প্রস্তুত ও বাজারজাত করাসহ নানা অনিয়মের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। রবিবার দুপুরে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে সাভারের হেমায়েতপুর এলাকার চলন্তিকা হাউজিংয়ে অবস্থিত উদয় টয়লেট্রিজ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানাটি থেকে বিপুল পরিমাণ নিম্নমানের ডিটারজেন্ট জব্দ করার পাশাপাশি কারখানাটি সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতিষ্ঠানটিকে এসব অনিয়মের কারণে ৪২ লাখ টাকা জরিমানা এবং পরিচালক লালন উদ্দিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহম্মেদ।
চামড়া শিল্পনগরীতে ওয়াটার
ফ্লো মিটার স্থাপন শুরু
সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে বিভিন্ন কারখানায় পানির অতিরিক্ত ব্যবহার রোধে ওয়াটার ফ্লো মিটার স্থাপন শুরু হয়েছে। গতকাল রবিবার থেকে চামড়া শিল্পনগরীর যেসব শিল্প ইউনিট নিজস্ব পাম্পের সাহায্যে পানি ব্যবহার করে সেগুলোতে ওয়াটার ফ্লো মিটার স্থাপন কাজের তদারকি শুরু করেন প্রকল্প পরিচালক প্রকৌশলী জিতেন্দ্রনাথ পাল।
বিসিক চামড়া শিল্পনগরীর প্রকল্প পরিচালক প্রকৌশলী জিতেন্দ্রনাথ পাল বলেন, চামড়া শিল্পনগরীতে চালু হওয়া ১২৩টি শিল্প ইউনিটে বিসিকের নিজস্ব পাম্পের সাহায্যে পানি সরবরাহ করা হয়। কিন্তু কিছু কিছু শিল্প ইউনিট বিসিকের সরবরাহ করা পানি ছাড়াও তাদের নিজস্ব পাম্পের সাহায্যে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করে থাকে। এই অতিরিক্ত পানি সিইটিপিতে গেলে সেখানকার ধারণ ক্ষমতার চেয়ে বেশি হয়ে যায় এবং তা ওভার ফ্লো হয়ে ড্রেনের মাধ্যমে নদীতে চলে যায়।