গাজীপুর মহানগরী ভোগড়া চৌধুরীবাড়ী সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাসে আগুন এবং যানবাহনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১০টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নেভায়। নিহত ঐ পোশাক শ্রমিকের নাম খাইরুল ইসলাম (২৩)। তিনি ভোগড়া চৌধুরীবাড়ী এলাকার রুয়া ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিক। রাত সাড়ে ১০টার দিকে ঐ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ওসি এ কে এম কাওসার আহমেদ চৌধুরী জানান, ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি বাস পোশাক শ্রমিক খাইরুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং বেশকিছু যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রাত সাড়ে ৯টা থেকে ভোগড়া বাইপাস মোড় হতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ পুড়ে যাওয়া বাসটি মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত সাড়ে ১০টার দিকে ঐ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।