জম্মু-কাশ্মীরে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা চলছে। এর ফলে লক্ষাধিক বাসিন্দা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রতিবাদে আইপিএস কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন কান্নান গোপিনাথন (৩৩)। কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জাতীয়তাবাদবিরোধী কাজ কতদিন চলবে? কাশ্মীরের হুরিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানি কাশ্মীরিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে কাশ্মীর ইস্যু দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের স্ফুলিঙ্গ ছড়াতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক স্ট্রাটফর।
পদত্যাগের সব কাগজপত্র জমা দিয়ে কান্নান জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষের দুরবস্থা অবর্ণনীয়। এক জন ভারতীয় নাগরিক হিসেবে তিনি এ ব্যবস্থা মেনে নিতে পারছেন না। তাই তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন। তবে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা নিয়ে তার সমস্যা নেই উল্লেখ করে গোপিনাথ জানিয়েছেন, তার প্রতিবাদ মৌলিক অধিকার খর্বের বিরুদ্ধে। গত সাত বছর ধরে চাকরির পর গত ২১ আগস্ট চাকরি থেকে ইস্তফা দেন গোপিনাথ।
ক্ষোভ প্রিয়াঙ্কা গান্ধীর
‘হচ্ছেটা কী? আর কতদিন চলবে এসব জাতীয়তাবিরোধী কার্যকলাপ? কতদিন চলবে এই রাজনীতি? কাশ্মীর নিয়ে গতকাল তার টুইটে এভাবেই তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধী। তার অভিযোগ, সংবিধানের ৩৭০ ধারা রদের পর থেকেই কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।
ঐক্যের আহ্বান হুরিয়ত নেতার
অল পার্টিস হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলী শাহ গিলানি গত ২৩ আগস্ট লেখা এক চিঠিতে কাশ্মীরিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যদিও চিঠিটি প্রকাশ্যে আসে গতকাল। তিনি ভারত সরকারের ৩৭০ অনুচ্ছেদ বাতিলসহ পাঁচ দফা দাবি তুলেছেন। —এনডিটিভি, ডন ও আনন্দবাজার পত্রিকা