হংকংয়ে বিক্ষোভে সংঘর্ষ, গুলি

হংকংয়ে সরকার বিরোধী আন্দোলন চরমে পৌঁছেছে। গতকাল রবিবার হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে জড়ো হলে তাদের থামাতে প্রথমবারের মতো গুলি ও জলকামান ব্যবহার করে পুলিশ। ব্যবহার করা হয় টিয়ার গ্যাসও। গতকাল টিসুয়েন ওয়ান জেলায় এই গুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। পরে বিক্ষোভ তেসিম সা টিসুয়ে এলাকায় ছড়িয়ে পড়ে। খবর সিএনএনের

জনসমাবেশ এড়াতে হংকংয়ের রেলকর্তৃপক্ষ এমটিআর কর্পোরেশন কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করে। অন্তত একজন পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের হটাতে ফাঁকা গুলি ছোঁড়ে। চারজন পুলিশ কর্মকর্তাকে বিক্ষোভকারীদের দিকে বন্দুক তাক করতে দেখা যায়। আর বিক্ষোভকারীরা পুলিশকে পিছিয়ে দিতে লোহার পাইপ ব্যবহার করেন। গত প্রায় ১২ সপ্তাহের বিক্ষোভে এই প্রথম গুলি এবং জলকামান ব্যবহারের ঘটনা ঘটলো। তবে বিক্ষোভকারীদের না কি মিডিয়ার কর্মীদের লক্ষ্য করে বন্দুক তাক করা হয়েছে তা নিয়ে বিভিন্ন মত পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের সতর্ক করতেই গুলি ছোঁড়া হয়েছে। আহত হয়ে অনেক পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ওই কর্মকর্তা জানান। পুলিশকে লক্ষ্য করে ছয়টি পেট্রোল বোমা ছুঁড়ে বিক্ষোভকারীরা। কেউ কেউ পুলিশের দিকে ছোঁড়ার জন্য সড়ক খুঁড়ে ইট বের করে। পুলিশ যাতে হামলা করতে আসলে পিছলে পড়ে যায় সেজন্য কেউ কেউ ভেজা সড়কে ডিটারজেন্ট পাউডার ছিটিয়ে দেয়। বিক্ষোভকারীদের অবস্থান নেওয়া বিভিন্ন সড়কে সংঘর্ষের ঘটনা ঘটেছে।