রাজধানীতে বসেছে রকমারি রঙিন ফুলের মেলা। থরে থরে সাজানো নানা রঙের ফুল ও ফুলগাছের চারা বিক্রি হচ্ছে মেলায়। ফুল দেখতে ও কিনতে মেলায় ভিড় জমিয়েছেন তরুণ-তরুণীরা। কারো হাতে পেঁচানো ফুলের মালা, কারো বা গলায়, আবার কেউ বা মাথায় ফুলের বেড়ি দিয়ে ছবি তুলছেন। ফুলের পাশে এসে তাদের সবার মুখে হাসি।
চোখে পড়ার মতো ছিল ফুলের সঙ্গে দর্শনার্থীদের সেলফি তোলা। আর ফটোগ্রাফাররা তুলছেন ফুলের ছবি। রয়েছে ফুল গাছে সাজানো ছোট ছোট ঘর। দেখে মনে হচ্ছে, যেন এক স্বপ্নে দেখা কোনো বাগান। নগরীতে এই ফুলের বাগান বসেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। ইট পাথরের এ নগরীতে ফুল আর গাছের সমন্বয়ে প্রকৃতির সবুজ ছোঁয়ায় ভরিয়ে তোলা সম্ভব, তারই নমুনা তুলে ধরেছেন ফুল মেলার উদ্যোক্তারা।
বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্সের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে আজ শনিবার। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অস্থায়ী বাগান ঘুরে দেখার পাশাপাশি নানা প্রজাতির ফুল ও ফুলের গাছ কেনার সুযোগ থাকছে মেলায়। এসব ফুলের চারার দাম পড়বে ১০০ টাকা থেকে ১৫০ টাকা। ফুলের গাছ ৩০০ থেকে দেড় হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
উদ্যোক্তারা জানান, ১৯৮৩ সালে যশোরের ঝিকরগাছায় বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হওয়ার ফলে এখন ফুলের ব্যবহার বাড়ছে। ফলে লাভজনক ব্যবসা ফুল চাষে এখন দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে আর সীমাবদ্ধ নেই। এ বছরে পঞ্চগড়ে দেড়শত বিঘা জমিতে ফুল চাষ, চারা উত্পাদনের বাগান করেছে বলে জানান মেটাল বায়োটেক নার্সারির ব্যবস্থাপক মুহাম্মদ মাহবুব-ই-খোদা।
নিজের বাড়ির ছাদের জন্য ফুলের চারা ও গাছ কিনতে এসেছেন দিনা সাবরিনা। তিনি বলেন, অনেক দিন থেকে বেশকিছু পছন্দের ফুলের চারা ও গাছ কিনতে চাচ্ছিলাম, কিন্তু কোন নার্সারিতে পাবো, জানা ছিল না। এখন সেই সুযোগটা হাতের নাগালে পেয়ে চলে এসেছি কিনতে। তিনি মেলা থেকে ২০টি ফুলের চারা ও ৩টি ফুলের গাছ কিনেছেন।
লাভজনক ফুল চাষের বর্ণনা দেন ডানকান অর্কিড কেমিলিয়া ফাউন্ডেশনের বাগান ব্যবস্থাপক অমল সাহা। তার মতে, অন্য ফসলের চেয়ে ফুল চাষ অনেক বেশি লাভজনক। আড়াই ফুট থেকে ৬০ ফুট জায়গায় ৫০০ ফুল গাছ চাষে বছরে গড়ে ৮০০ ফুল পাওয়া যায়। প্রতিটি ফুল ১২ টাকায় বিক্রি হলে ৯ হাজার ৬০০ টাকা আসে। এতে ব্যয় হয় বছরে গড়ে ৩ হাজার টাকা। মাটি ছাড়া নারিকেলের ছোবড়ায় লাগানো ৪২ প্রজাতির অর্কিডের চারা মেলায় এনেছেন দ্বীপ্ত অর্কিডের বাগান ব্যবস্থাপক কেএস মাহমুদ। মেলায় ফুল চাষে লোকসানের ঝুঁকি এড়াতে বীমার অফার নিয়ে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।
এদিকে আন্তর্জাতিক ফুল প্রদর্শনী উপলক্ষে গতকাল ফুল শোভাযাত্রার আয়োজন করা হয়। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ওই শোভাযাত্রা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।