এই সময়ের ছড়া

তোমার নাকি ইটালিতে ঘোরার আছে প্ল্যান!

 

তোমার নাকি ইটালিতে ঘোরার আছে প্ল্যান!

কী বললে! নাই একদম ইটালিয়ান জ্ঞান!

 

ইটালিয়ান ভাষা শেখার পাচ্ছ না ইশকুল!

সত্যি বলি, ভাষা নিয়ে টেনশনটাই ভুল।

 

ইটালিয়ান ভাষা লাগে বলেছে কোন লোক!

যাও তো সুখে ঘুরে বেড়াও, জুড়াও নিজের চোখ!

 

কোথায় যাবে? ফ্লোরেন্স, ভেনিস, মিলান, নাকি রোম!

বুঝবে গেলেই, ইটালি তো নিজের বাড়ি, হোম!

 

খুঁজছ কিছু? কিনবে কিছু? কোথায়? পথের ধার!

বাংলাভাষায় কথা বলে সব ঝামেলা পার।

 

খাবার হোটেল, ছোটো বড়ো মনোহারি শপ

ঢুকে গিয়ে বাংলাভাষায় করতে পারো গপ!

 

মনে হবে বাংলা ছাড়া কোনো ভাষাই নাই।

ইটালিতে পা বাড়ালে শুধুই দেশি ভাই।

 

এরপরে আর ভাষা নিয়ে কোরো না ঘ্যানঘ্যান

যাও তো বাপু ঘুরে এসো, টেনশন নাও ক্যান!