পাবনা-২ সুজানগর-বেড়া আসনে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ বেশ সরব। তবে বিএনপি নীরব রয়েছে। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনে দল থেকে ১৬জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকলেও দলীয় মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির। তিনি এ আসনের প্রয়াত এমপি আহমেদ তফিজ উদ্দিন মাস্টারের জ্যেষ্ঠ পুত্র। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বলেন, এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। বরং গত ২৭ নভেম্বর দলীয় প্রার্থী আহমেদ ফিরোজ কবির উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুজিত্ দেবনাথের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সেইসঙ্গে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীসহ শীর্ষ নেতৃবৃন্দ প্রতিদিন দলীয় প্রার্থীর সঙ্গে থেকে নির্বাচনী এলাকায় উঠান বৈঠকসহ সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
অপরদিকে বিএনপি থেকে তিনজন দলীয় প্রার্থী নিজ নিজ নেতা-কর্মীদের সাথে নিয়ে গত ২৮ নভেম্বর সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একেএম সেলিম রেজা হাবিব, কৃষিবিদ হাসান জাফির তুহিন ও পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শিল্পপতি আব্দুল হালিম সাজ্জাদ। তবে এদের মধ্যে একেএম সেলিম রেজা হাবিব দলের একক প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি বলে দলের হাই-কমান্ড সূত্রে জানা যায়।