বাংলাদেশের দুই জন প্রতিযোগী রাশিয়ার কাজানে গত শুক্রবার শুরু হওয়া বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় তৃতীয় দিনের মতো সাফল্য দেখিয়েছে ।
দুই প্রতিযোগী তানজিম তাবাস্সুম ইসলাম কনফেকশনারি ও পেটিসেরিতে এবং নাফিসা সাদাফ ফ্যাশন ডিজাইনিংয়ে বিশ্বের ৬৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে সফলতার সঙ্গে প্রতিযোগিতা করে যাচ্ছে ।
বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিযোগীদের উত্সাহ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সেমিনার ও আলোচনায় দক্ষতা উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মকাণ্ড তুলে ধরে বিশ্ব কর্মবাজারে দেশের শ্রমশক্তির সক্ষমতা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধারণা দেন।
প্রতিনিধিদলের সদস্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেনের বরাত দিয়ে এনএসডিএ কার্যালয় থেকে এসব কথা জানানো হয় ।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, বাংলাদেশের দুই জন প্রতিযোগী রাশিয়ার কাজানে বিশ্ব যুব দক্ষতা প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেওয়া একটি ঐতিহাসিক ঘটনা।
তিনি বলেন, এনএসডিএ গঠনের মধ্য দিয়ে বাংলাদেশে দক্ষতা উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে তাকে বেগবান করতে রাশিয়ার কাজানে বিশ্ব যুব দক্ষতা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিশেষ তাগিদ দেন। এটি দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে রূপান্তরের মাধ্যমে দেশের বিশাল যুব গোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন।
মো. ফারুক হোসেন বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এখন দক্ষতা উন্নয়নে বিশ্ব আয়োজনের মহাযজ্ঞে সম্পৃক্ত হলো। আমাদের প্রতিযোগীরা তৃতীয় দিনের মতো প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছে এবং তানজিম ও নাফিসা যথেষ্ট পরিশ্রম করছে। আমরা চূড়ান্ত পর্যায়ে ভালো ফলাফলের আশা করছি।’ উল্লেখ্য, সারা বিশ্বের ৬৩টি দেশের মোট ১ হাজার ৩৫৪ জন প্রতিযোগী ৫৬টি দক্ষতা বিষয়ে বিশ্ব যুব দক্ষতা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।