এটাই কি টেস্ট ইতিহাসের সেরা ইনিংস? ম্যাচ শেষে এমন একটা প্রশ্নে বেশ তর্ক-বিতর্ক চললো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রায়ান লারার ১৫৩ রানের অপরাজিত ইনিংসের কথা আসলো। কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কুশল পেরেরার ১৫৩ রানের ইনিংস কিংবা বাংলাদেশের বিপক্ষে মুলতানে ইনজামাম উল হকের ১৩৮ রানের ইনিংসগুলোর কথাও টানলেন কেউ কেউ।
শেষ অবধি বিতর্কের কোনো ফলাফল আসলো না। তবে সবাই একবাক্যে একটা কথা স্বীকার করে নিলেন যে, হেডিংলিতে বেন স্টোকসের অপরাজিত ১৩৫ রানের ইনিংসের কথা আরো অনেকদিন মানুষের মুখে মুখে শোনা যাবে। আসলে, অতিমানবীয় বললেও কম বলা হয় রবিবার রাতের এই ইনিংসটাকে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বারবার নিজেকে পাল্টেছেন স্টোকস। প্রথম তিনটি রান করতে খেলেন ৬৭ বল। আবার শেষ ৪৪টি বল থেকে করেন ৭৭ রান। এর সুবাদে প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে অল আউটের লজ্জায় ডোবা দলটি পেল এক উইকেটের জয়। অ্যাশেজের তিন টেস্ট শেষে এখন তাই ১-১ সমতা।
অতিমানবীয় ইনিংস খেলার পর গোটা বিশ্বজুড়েই প্রশংসার বন্যায় ভাসছেন স্টোকস। স্বয়ং শচিন টেন্ডুলকার থেকে শুরু করে বাংলাদেশের মুশফিকুর রহিম—কেউই বাদ থাকেননি। টুইটারে শচিন মন্তব্য করেছেন, এই ইনিংসের কথা অনেকদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। তিনি লিখেছেন, ‘এই ম্যাচ দেখিয়েছে, টেস্ট ক্রিকেট কতটা কঠিন, আর একই সঙ্গে কতটা বিনোদনদায়ী। বেন স্টোকস ক্রমেই নিজেকে ছাড়িয়েই যাচ্ছেন। এই ইনিংসটির কথা লোকে অনেকদিন মনে রাখবে।’
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের কাছেও এটা ‘বিশেষ’ এক ইনিংস। এক টুইটে তিনি লিখেছেন, ‘এটা ছিল স্টোকসের বিশেষ একটা ইনিংস। কী দারুণ! অসাধারণ।’ সতীর্থ স্টুয়ার্ট ব্রট লিখেছেন, ‘ও এমন একটা কাজ করে ফেলেছে, যা হয়তো নিজেও ঠিক বিশ্বাস করতে পারছে না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসটা খেললেও প্রশংসা করতে কোনো কার্পণ্য করলেন না অজি গ্রেট মার্ক ওয়াহ। তিনি লিখেছেন, ‘এই ম্যাচ ও বেন স্টোকসের ইনিংসটাকে ব্যাখ্যা করার কোনো ভাষা আমার জানা নেই। এক কথায় অবিশ্বাস্য!’
স্টোকসের ব্যাপারে সবচেয়ে আকর্ষণীয় ও মোক্ষম কথাটা বলেছেন ইংল্যান্ডের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক পল কলিংউড। তিনি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট কোনোভাবেই বিরক্তিকর নয়। আর স্টোকস একজন সুপারম্যান!’
কদিন আগেও ইংল্যান্ড দলের ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা করা জিওফ বয়কটেরও মুখের ভাষা পাল্টে গেছে অনন্য এই জয়ে। তিনি বলেন, ‘এই জীবনে ক্রিকেটের মাঠে আমি কম স্মরণীয় মুহূর্ত দেখিনি। তবে গেল ৫০ বছরের ইতিহাসে আমার চোখে এটাই শেষ। বেন স্টোকস এখনো অ্যাশেজের উত্তাপকে বাড়িয়ে রেখেছে। খুব জাদুকরী, অনুপ্রেরণাদায়ক ও অসাধারণ একটা ইনিংস। আমার কাছে ওর বিশ্বকাপ পারফরম্যান্সের চেয়েও এগিয়ে থাকবে এই পারফরম্যান্স।’
ম্যাচটাকে টেস্ট ক্রিকেটের অসাধারণ বিজ্ঞাপন হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, ‘কে বলেছে টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে? এমন যারা ভাবেন, তারা অবশ্যই অ্যাশেজ দেখবেন! কী দারুণ ইনিংসই না খেললেন বেন স্টোকস নামের এই মানুষটি! চতুর্থ টেস্ট দেখার জন্য মুখিয়ে আছি!’ ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট শুরু হবে আগামী চার সেপ্টেম্বর।