পাকিস্তান ক্রিকেট দলের এখন কার্যত কোনো প্রধান কোচ নেই। চলমান ক্যাম্পটা পরিচালনা করছেন দেশের সাবেক অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট কমিটির সদস্য মিসবাহ উল হক। গুঞ্জন আছে, পূর্ণকালীন তাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। মিসবাহও তেমনটাই চান। সেজন্য তিনি গতকাল পিসিবির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন।
শুধু তাই নয়, কোচ চেয়ে পিসিবির দেওয়া বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তিনি আবেদনও করেছেন। বোঝাই যাচ্ছে, মিকি আর্থারের বিদায়ের পর খালি হয়ে যাওয়া পদটির প্রতি বেশ আগ্রহ আছে মিসবাহর। গতকালই তিনি পিসিবির আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক পরিচালক জাকির খানকে নিজের পদত্যাগের কথা জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে পিসিবি।
মিসবাহ উল হক বলেন, ‘আমি প্রধান কোচের পদের জন্য আবেদন করেছি। আমি জানি এখানে আমার প্রতিযোগিতাটা বেশ কঠিন। তবে, আমি খুব যোগ্য কিছু লোকের সঙ্গে এই প্রতিযোগিতায় সামিল হতে প্রস্তুত আছি। আমি মানি, এটা খুব চ্যালেঞ্জিং একটা চাকরি। আর আমি এই চাকরির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এটা নতুন করে বলার কিছু নেই যে, সবারই স্বপ্ন থাকে পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়ার। আমি মনে করি, এই দলটায় কোনো কমতি নেই। দলে অনেক প্রতিভা আছে, প্রত্যেকেই এখানে দক্ষ ও যোগ্য। আমি দলটাকে সব ফরম্যাটে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যেতে চাই।’
বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে প্রধান কোচ মিকি আর্থার, বোলিং কোচ আজহার মেহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেইনার গ্র্যান্ট লুডেনের চুক্তির মেয়াদ আর বাড়ায়নি পিসিবি। ওয়াকার ইউনুসের বিদায়ের পর ২০১৬ সালের মে মাসে মিকি আর্থারকে কোচ হিসেবে দায়িত্ব দিয়েছিল পিসিবি। এরও দুই বছর আগে থেকেই দলের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। কোচিং প্যানেলে আজহার মেহমুদের অন্তর্ভুক্তি হয় ২০১৬ সালের নভেম্বরে।
আর্থারের অধীনে পাকিস্তান ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। তার অধীনেই টি-টোয়েন্টি ও টেস্টের র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল দলটি। যদিও সর্বশেষ বিশ্বকাপে সেই সাফল্যের ধারাবাহিকতা আর্থাররা ধরে রাখতে পারেননি। যদিও পাকিস্তান গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশকে হারায়। যদিও রান রেটে এগিয়ে থেকে পাকিস্তানকে টপকে সেমিফাইনালে চলে যায় নিউজিল্যান্ড।
গেল ৯ আগস্ট নতুন প্রধান কোচ ও কোচিং স্টাফ দলের বাকিদের চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পিসিবি। আগ্রহীদের আগামী ২৬ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।