লজ্জায় ডুবল লঙ্কানরা

উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য এমনিতেই উপমহাদেশের কন্ডিশনে এসে টেস্ট জিতে ফেলা খুব কষ্টকর। সেখানে ইনিংস ব্যবধানে জয় রীতিমতো অমাবস্যার চাঁদ। সেই চাঁদটারই ছোঁয়া এবার পেল নিউজিল্যান্ড। কলম্বোর পি সারা ওভালে তারা ইনিংস ও ৬৫ রানে হারাল স্বাগতিক শ্রীলঙ্কাকে।

এ নিয়ে নিজেদের মাটিতে চতুর্থবারের মতো উপমহাদেশের বাইরের কোনো দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা। আগের তিনটি লজ্জা তারা পেয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড সর্বশেষ ১৯৮৪ সালে শ্রীলঙ্কার মাটিতে ইনিংস ব্যবধানে টেস্ট জিতেছিল। সেই হিসাবে তারা ৩৫ বছরের পুরোনো কীর্তি ছুঁয়েছে। যদিও প্রথম টেস্টে জয়ের সুবাদে দুই ম্যাচের টেস্ট সিরিজটা ১-১ ব্যবধানে ড্র করতে পেরেছে শ্রীলঙ্কা।

বোলারদের সমন্বিত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ১২২ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ব্যাট হাতে ও উইকেটের পেছনে দাঁড়িয়ে স্বপ্নের মতো টেস্ট গেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিংয়ের। ১৮৩ রানের সঙ্গে তার খাতায় যোগ হয়েছে আটটি ডিসমিসাল। তিনি সিরিজ-সেরার পুরস্কার জিতেছেন। অন্যদিকে ১৫৪ রানের ইনিংসটা খেলে টম ল্যাথাম পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।