জাতীয় দলের স্ট্রাইকার মতিন মিয়া জানিয়েছিলেন গোল খরায় ভুগবে না বাংলাদেশ। গতকাল বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া স্ট্রাইকারদের আরো দায়িত্ব নিয়ে খেলার তাগিদ দিয়েছেন। সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্ট্রাইকারদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে।
বাংলাদেশের স্ট্রাইকাররা গোল খরায় ভুগে। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ধাপের খেলায় বাংলাদেশের এমন চিত্র দেখেছেন সবাই। গত মার্চে কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল। ৬ জুন লাওসের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ঢাকায় ফিরতি ম্যাচটি হয়েছিল গোল শূন্য। তিন ম্যাচে দুই গোল করে দুই ম্যাচ জিতলেও তিন ম্যাচে গোলের অনেক সুযোগ নষ্ট করেছে। অনেক সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতা ছিল স্ট্রাইকারদের। গোল না পেলে পুরো দল যতই ভালো খেলুক; কোনো লাভ নেই। ম্যাচ শেষে গোলের হিসাবটা দিয়েই ম্যাচের জয়-পরাজয়ের অঙ্ক উঠে আসে। বাংলার স্ট্রাইকাররা বারবার ব্যর্থ হয়েছেন। এবারের লিগে দেশি স্ট্রাইকররা গোল পাওয়ায় সেটি জাতীয় দলের জন্য ভালো খবর হিসাবেই দেখছেন সবাই। জামাল ভুঁইয়া বললেন, ‘আমরা অনেক সুযোগ পাই কাজে লাগাতে পারি না। ফরোয়ার্ডরা গোল পাচ্ছে না। ওদের বুঝতে হবে ক্লাবের খেলায় বিদেশিদের সাপোর্ট পান স্ট্রাইকাররা। যেটা জাতীয় দলের খেলায় পান না। জাতীয় দল ভিন্ন জিনিস। এখানে নিজেদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। জীবন এবং মতিন মিয়া লিগে গোল পাওয়ায় তাদের আত্মবিশ্বাস বাড়বে। কাজে লাগবে এটা।’
ফিটনেস ট্রেনিংয়ের জন্য জাতীয় দল বিকেএসপিতে
গত চার দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন হয়েছে প্রাথমিক জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের। আগেই কোচ জেমি ডে জানিয়েছিলেন খেলোয়াড়দের ফিটনেস দেখা দরকার। সবাই লিগের খেলায় ব্যস্ত ছিল। বিশ্রামও পেয়েছে তারপরও খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিংয়ের দরকার। জেমি আজ সারাদিন তার সব খেলোয়াড়দের নিয়ে বিকেএসপিতে অবস্থান করবেন।