বিশাকুড়ি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা

ডামুড্যার বিশাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। একটি টিনশেড ঘরও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা ক্লাস করছে।

২০০৮ সালে এ ঘরটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছে। ঐ বিদ্যালয়ে বর্তমানে ২০৪ জন  শিক্ষার্থী ও ছয় জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের একটি টয়লেট রয়েছে তাও ব্যবহারের অনুপযুক্ত। আসবাবপত্রের সংকটও তীব্র। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চের সংকট রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতারা বেগম বলেন, জরাজীর্ণ ভবনটি নিয়ে তিনি প্রতিদিন দুশ্চিন্তা মাথায় নিয়ে স্কুলে আসেন। কখন যেনো কার মাথায় টিন খসে পড়ে দুর্ঘটনা ঘটে। বিদ্যালয়ের সমস্যাগুলো উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হেলাল উদ্দিনকে জানানো হয়েছে বলে জানান তিনি।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, এখনো বরাদ্দ আসেনি। কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাবো। বরাদ্দ এলে পরে কাজ করা হবে।