শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পতিত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নলবুনিয়া নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায়। চালক আসাদুজ্জামান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, উপজেলার পহলানবাড়ি থেকে খুলনা রোগী নেওয়ার জন্য সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ড্রাইভার আসাদুজ্জামান অ্যাম্বুলেন্স নিয়ে যায়। সকাল ৭টার দিকে নলবুনিয়া নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক গুরুতর আহত হয়। এ সময় গাড়িতে থাকা অন্য দুই জন সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিত্সা নেয়।
তিনি আরো জানান, শীতাতপ নিয়ন্ত্রিত নতুন অ্যাম্বুলেন্সটি গত মে মাসে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। হাসপাতালের আগের ড্রাইভার অবসরে যাওয়ায় নয় দিন আগে ড্রাইভার আসাদুজ্জামান স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করে।