পাবনায় জমি নিয়ে সংঘর্ষে নিহত এক

জমি নিয়ে বিরোধের জেরে পাবনায় দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। রবিবার রাতে সদর উপজেলার কুলুনিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল কাদের জানান, সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামে একটি জমির মালিকানা নিয়ে আশরাফ আলী ও ইদ্রিস আলীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারাল অস্ত্রাঘাতে ইদ্রিস আলী গুরুতর আহত হন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহত রিপন আলী ও সিদ্দিক আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।