কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার র্যাব-১২ ইউনিটের সদস্যরা গতকাল সোমবার অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তারা হলো—সুমি খাতুন ও মরিয়ম বেগম ওরফে মিতু।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের অভিযানিক দল শহরের হাউজিং এস্টেট বি ব্লক গোলপুকুর বস্তির সংলগ্ন পাকা রাস্তা থেকে ১৮ বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও নগদ ২১০০ টাকাসহ মাদক ব্যবসায়ী সুমি খাতুন ও মরিয়ম বেগমকে গ্রেফতার করে। এদের উভয়েরই বাড়ি হাউজিং বি ব্লক এলাকায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।