ইউপি সদস্য হত্যা মামলায় পিরোজপুরে সাত ডাকাতকে যাবজ্জীবন

পিরোজপুর অফিস

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ইউপি সদস্য শাহ আলম (৪৮) হত্যা মামলায় সাত ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। 

নিহত শাহ আলম উপজেলার ধানীসাফা ইউনিয়নের পশ্চিম ফুলঝুড়ি গ্রামের মৃত সৈজউদ্দিন হাওলাদারের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৬ জুলাই রাতে ফুলঝুড়ি গ্রামের এক বাড়িতে ডাকাত পড়ার চিত্কার শুনে শাহ আলম ঘর থেকে বেরিয়ে রাস্তায় ডাকাতদের মুখোমুখি হন। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আকরামুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ডাকাতদের আসামি করে হত্যা মামলা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো আলম মোল্লা, শাহাদাত্ হোসেন, ইদ্রিস হাওলাদার, ইলিয়াস, দোলোয়ার হোসেন, আব্দুর রহিম ও মো. বাচ্চু তালুকদার। এদের মধ্যে ইদ্রিস ও বাচ্চু পলাতক রয়েছে। মামলা চলাকালে মোস্তফা নামে অপর এক আসামি জামিনে থেকে মঠবাড়িয়ায় আরেকটি ডাকাতির ঘটনায় গণপিটুনিতে মারা গেছে।