কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ এক স্কুলশিক্ষক ও পুলিশের সাবেক সদস্যসহ তিন জন গ্রেফতার হয়েছে।
রবিবার রাতে কুষ্টিয়া শহরের পূর্ব মিলপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কুষ্টিয়া শহরের মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল ইসলাম, পূর্ব মিলপাড়া এলাকার মৃত শেখ ইয়াজ আলীর ছেলে সাবেক পুলিশ সদস্য শেখ আয়নাল আলী হেলাল ও লালন একাডেমির নির্বাচিত কমিটির প্রাক্তন সদস্য কুমারখালীর মণ্ডলপাড়ার আব্দুল মজিদের ছেলে দেলোয়ার হোসেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মিলপাড়ায় হেলালের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি হ্যান্ডকাপ, চার রাউন্ড তাজা গুলি, ৭৭ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। পরে ডিবি পুলিশের এস আই তৌহিদ বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।