নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

বীরগঞ্জে ড্রেজার মেশিন জব্দ

দিনাজপুর অফিস 

অবৈধভাবে বালু উত্তোলন করায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রবিবার বীরগঞ্জে ড্রেজার মেশিনসহ মালামাল জব্দ করেছেন পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান। দীর্ঘদিন যাবত্ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হীরামনি এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে ঝাড়বাড়ী থেকে গড়েয়া সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ বিষয়ে এলাকাবাসী বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনকে মুঠোফোনে অবগত করলে তিনি পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মো. জুয়েলকে ড্রেজার মেশিনসহ সকল মালামাল জব্দে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে চেয়ারম্যান তাত্ক্ষণিক চার জন গ্রাম পুলিশ পাঠিয়ে একটি পাথর বহনকারী নছিমন, ড্রেজার মেশিনসহ সকল মালামাল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।