হাজীগঞ্জে মাথায় তাল পড়ে শিক্ষকের মৃত্যু

হাজীগঞ্জে মাথায় তাল পড়ে শাহাদাত হোসেন (৪৮) নামে এক গৃহশিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। শাহাদাত হোসেন হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধব্যপুর (উ.) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পূর্ব পাড়া মোল্লা বাড়ির মৃত কাশেম মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দা জহিরুল আলম জানান, রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। পুকুরপাড়ের তালগাছের নিচ দিয়ে যাওয়ার সময় তার মাথায় একটি তাল পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তার চিত্কারে লোকজন ছুটে এসে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়।

শাহাদাত হোসেন দীর্ঘদিন থেকে তার গ্রামে বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়িয়ে জীবিকানির্বাহ করতেন। তিনি মোহাম্মদপুর গ্রামে শাহাদাত মাস্টার হিসেবে পরিচিত ছিলেন।