মাছ বিক্রেতাকে পেটালেন দুই পুলিশ সদস্য

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

ওজনে কম দেওয়ার অভিযোগে শাহজাদপুর পৌর সদর দ্বারিয়াপুর মাছ বাজারে পুলিশ এক মাছ বিক্রেতাকে পেটালেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে। স্থানীয় মাছ ব্যবসায়ীদের অভিযোগ—শাহজাদপুর থানার এএসআই আশরাফ ও কনস্টেবল বাছেদ এদিন সকালে মাছ বাজারে মাছ কিনতে যায়। ওজনে কম দেওয়ার অভিযোগ এনে ঐ দুই পুলিশ সদস্য মাছ বিক্রেতা রাজিবকে প্রথমে বুকে লাথি, পরে কিলঘুষি মেরে আহত করে। ওজন করে মাছ কম না পাওয়ায় মাছ বিক্রেতারা ঐ দুই পুলিশ সদস্যকে আটক করে থানায় খবর দেয় । খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে দুই জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তদন্ত করে দোষী হলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।