এডিস মশা নিধনে দুই সিটির অবহেলা তদন্তে কমিটি চায় হাইকোর্ট

ঢাকাসহ সারাদেশে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি করপোরেশনের অবহেলা আছে কি না, থাকলে তার দায় কার তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দেবে হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার আদেশের জন্য এ দিন ধার্য করেন।

এদিকে ঢাকার বাইরে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এলাকায় এডিস মশা নিয়ন্ত্রণে ওষুধ আনার দায়িত্ব কার, কী প্রক্রিয়ায় ওষুধ আনা হচ্ছে তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায় আদালত। তবে তাত্ক্ষণিক বিষয়টির জবাব দিতে না পারায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশনা অনুসারে গতকাল আদালতে প্রতিবেদন তুলে ধরেন সিটি করপোরেশনের আইনজীবীরা। তারা বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত নতুন ওষুধ ছিটানো হচ্ছে। নিয়োগ করা হয়েছে অতিরিক্ত জনবল। আদালত বলে, নতুন ওষুধ কাজ করছে কি না? আইনজীবী বলেন, প্রকোপ কমেছে। এটা ওষুধের পাশাপাশি জলবায়ুর কারণেও হতে পারে।

আদালত বলে, তাহলে কি ওষুধে কাজ হচ্ছে না? আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, বিদেশ থেকে ওষুধ আনার দায়িত্ব সরকার নেয়নি। বিষয়টি সিটি করপোরেশনের ওপর ছেড়ে দিয়েছে। সরকার নিজে উদ্যোগ নিলে আরো আগেই ওষুধ আনা যেত। আমার মনে হয় এক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা রয়েছে।

আদালত বলে, আপনারা যদি এমন কথা বলেন তবে জনগণ কী বলবে? কর্তৃপক্ষের অবহেলার কারণে এমনটা হয়েছে। আর সরকারও দায়িত্ব এড়াতে পারে না। ঐ আইনজীবী বলেন, এই ব্যর্থতা বা অবহেলা থাকলে তার জুডিশিয়াল তদন্ত হওয়া দরকার। আদালত এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। আদালতে ঢাকা উত্তর সিটির পক্ষে আইনজীবী তৌফিক ইনাম টিপু উপস্থিত ছিলেন।