বাঘায় ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

বাঘায় পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ নেতা শামশুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার বাঘা উপজেলা সদরে শাহদৌলা সরকারি কলেজ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শামশুল বাদী হয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন। 

শামশুল জানান, সাবেক ছাত্রলীগ নেতা ও বাঘা পৌর এলাকার মশিদপুর গ্রামের মোশারফ কমিশনারের ছেলে সবুজ, দক্ষিণ মিলিক বাঘা গ্রামের জালামের ছেলে জাহিদ এবং জদুর ছেলে এলিটসহ অজ্ঞাত আরো ৮/১০ জনের একটি দল তাকে জোরপূর্বক কলেজ থেকে তুলে বাঘা ঈদগাহ মাঠে নিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। একপর্যায়ে সে মাটিতে পড়ে গেলে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, শাহদৌল্লা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সবুজকে গত সপ্তায় মনিগ্রাম এলাকায় বর্তমান উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সোহাগের নেতৃত্বে মারপিট এবং গাড়ি ভাঙচুর করে। এর জের ধরে তার সহযোগী শামশুলকে মারপিট করা হয়। সোহাগের দাবি, বিষয়টি গত ৩ দিন আগে দলের শীর্ষ নেতাকর্মীরা মীমাংসা করে দিয়েছেন। তার পরেও প্রতিপক্ষরা তাদের আক্রোশ মেটাতে নতুন করে হট্টগোল বাধিয়েছে।